জামালপুর শহর পরিষ্কারে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা কর্মসূচি

জামালপুর শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে জেলা যুবদলের সদস্য সচিব ও পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খান।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের বকুলতলা থেকে এ কর্মসূচি শুরু হয়।
জেলা যুবদলের সদস্য সচিব ও জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খানের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। পরে বকুলতলা থেকে দয়াময়ী মোড় পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে কর্মসূচি শেষ করা হয়।
এ সময় নেতাকর্মীরা ‘সোহেল রানার অঙ্গীকার, শহর হবে পরিষ্কার’সহ বিভিন্ন স্লোগান দেন।
সোহেল রানা খান বলেন, ‘আমাদের শহর আমাদেরই পরিষ্কার করতে হবে। এটা শুধু বিএনপি বা আমাদের একার পক্ষে সম্ভব নয়। সবাই সচেতন হয়ে নিজ নিজ জায়গা থেকে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে সুন্দর পৌরসভা গঠন করা সম্ভব।’
তিনি আরও বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে শুধু কর্মসূচি পালন নয়, সাধারণ মানুষকেও যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে।
ভোরের আকাশ/রই