সিসিটি-এনসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি কিংবা বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরের বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম বন্দরের দিকে অগ্রসর হয়। এ সময় আন্দোলনকারীরা ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’, ‘আমার মাটি আমার মা, বিদেশিদের দেব না’ এবং ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি বেলা পৌনে ১২টার দিকে বন্দরের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে কর্মসূচি শেষ করার অনুরোধ জানায়। পরে পুলিশের অনুরোধে মিছিলটি শেষ করা হয়।
কর্মসূচিতে প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, তাদের এই আন্দোলন কোনোভাবেই সরকারবিরোধী নয়। বরং জনগণের সরকারকে জনগণের স্বার্থের পক্ষে নিয়ে আসার লক্ষ্যেই তারা আন্দোলন করছেন। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে কর্মসূচি শেষ করার অনুরোধ জানানো হয়েছে। তাই আপাতত মিছিল শেষ করা হয়েছে। আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের গেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এর আগে মিছিলের পূর্বে আয়োজিত সমাবেশে দেলোয়ার মজুমদার চট্টগ্রাম বন্দরকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বন্দরের আয় থেকে শুধু সুবিধা নেওয়া নয়, পুরো বন্দর ব্যবস্থাকেই নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটি ও এনসিটি কোনো দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া যাবে না। এসব স্থাপনা দেশের স্বার্থেই পরিচালনা করতে হবে।
ভোরের আকাশ/ এনউব