জীবননগর সীমান্তে গুলির পর বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে গুলি চালিয়ে মনিরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে আহত অবস্থায় ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হরিহরনগর সীমান্তের বিপরীতে ভারতের পুটিখালি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মনিরুলের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বর্ণ পাচারের উদ্দেশ্যে মনিরুলসহ সাতজন সীমান্তের কাঁটাতারের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছুড়েন। এতে মনিরুলের পায়ে গুলি এবং পিঠে রাবার বুলেট লাগে। এ সময় অন্য ছয়জন পাশের খালে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও আহত মনিরুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।
আটক মনিরুল ইসলাম হরিহরনগর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, সন্ধ্যার পর সীমান্তে গুলির শব্দ শুনে পরে মনিরুলকে আহত অবস্থায় বিএসএফ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, ঘটনাটি শুনেছেন। তবে এখনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
৫৮ বিজিবির টু-আইসি মেজর তাহসিন জানান, সীমান্তে গুলি চালিয়ে একজনকে নিয়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। আগামীকাল এ বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/ইউএম