গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন নিয়ন হুদা (৪০) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। পরে রংপুর থেকে ডুবুরি দল আনার জন্য সহযোগিতা চাওয়া হয়। নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
নিয়নের স্বজন মনিরুল হক সজিব জানান, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে আসেন নিয়ন। এর মধ্যে বুধবার বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান তিনি। বৃহস্পতিবার দুপুরে চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন নদী থেকে তীরে উঠে আসতে পারলেও নিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।
ঘটনার খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, 'খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেন। পরে উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুরের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালানো হবে।'
এদিকে, স্বজনের বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদার নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁকে উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা চালানোর অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।
ভোরের আকাশ/সু.পা