ঝিকরগাছায় পূজামণ্ডপের সামনে কিশোরদের সংঘর্ষ, আটক ৭

যশোরের ঝিকরগাছায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১ নম্বর বারোয়ারি কৃষ্ণনগর পূজামন্দিরের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সাত কিশোরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন আনসার-ভিডিপির সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ১৫ থেকে ২০ জন কিশোরের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে জড়িত কয়েকজন পূজামন্দিরের ভেতরে ঢুকে পড়লে সেখানে উপস্থিত দর্শনার্থী ও পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি আরও অবনতির আগেই মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার-ভিডিপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সংঘর্ষে জড়িত সাত কিশোরকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনসার-ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপে সংঘর্ষ মণ্ডপের ভেতরে ছড়িয়ে পড়েনি। ফলে পূজামণ্ডপে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।
ঘটনার সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন কমান্ডার মো. আব্দুল আলীম, ভিডিপি সদস্য মুছা করিম ও হাসিবুল ইসলাম এবং আনসার সদস্য মো. আব্দুল হাকিম, মো. রাকিব হোসেন ও মো. আব্দুর রহিম।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, আটক কিশোরদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ