পানছড়িতে বিজিবির অভিযানে ৬৮ হাজার টাকার পণ্য জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল পরিচালনা করে ৬৮ হাজার ২১৮ টাকা মূল্যের বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার স্টিল ব্রিজ মোল্লাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জেসিও-১০৮৫৯ নায়েব সুবেদার মো. তুষার হোসেনের নেতৃত্বে একটি বি-টাইপ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ টহল পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে বহন করা বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—আমল দুধ ১২ কেজি, গণেশ জিরা ২ কেজি, চা-পাতা ৭ দশমিক ৭৫ কেজি, কমফোর্ট ফেব্রিক ৩৪টি, বিভিন্ন ধরনের কসমেটিকস ১ হাজার ২৩১টি, ইঁদুর মারার ওষুধ ২৪টি, বিভিন্ন ধরনের ওষুধ ১০টি এবং সানরাইজ মশলা ১২টি।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৮ হাজার ২১৮ টাকা। জব্দ করা মালামাল সীতাকুণ্ড, চট্টগ্রাম কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/ এনউব