কুষ্টিয়ায় আহত জুলাই যোদ্ধাদের মানববন্ধন

কুষ্টিয়ায় আহত জুলাই যোদ্ধাদের দ্রুত এমআইএস (MIS) ও গেজেটভুক্তির কার্যকর উদ্যোগ গ্রহণ এবং চিকিৎসা ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আহত জুলাই যোদ্ধাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে আহত হওয়ার পর অনেক যোদ্ধা এখনও সরকারি স্বীকৃতি ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। দীর্ঘদিন ধরে এমআইএসে অন্তর্ভুক্তি ও গেজেটভুক্তির প্রক্রিয়া কার্যকর না হওয়ায় তারা নানা ধরনের ভোগান্তির মধ্যে রয়েছেন।
বক্তারা আরও বলেন, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। অনেকের নিয়মিত চিকিৎসা ও ওষুধ প্রয়োজন হলেও পর্যাপ্ত চিকিৎসা ভাতা বা সহায়তা পাওয়া যাচ্ছে না। তাই দ্রুত আহতদের এমআইএস ও গেজেটে অন্তর্ভুক্তি, চিকিৎসা ভাতা প্রদান এবং প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে আহত জুলাই যোদ্ধারা বলেন, স্বীকৃতির জন্য তাদের আর দীর্ঘদিন অপেক্ষা করানো উচিত নয়। প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে যাচাই বাছাই শেষে যোগ্য আহত যোদ্ধাদের দ্রুত এমআইএস ও গেজেটভুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
ভোরের আকাশ/সু.পা