সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ একটি ঘর থেকে তানিয়া আক্তার (২২) নামের এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) দুপুরে নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া মাদবর বাড়ির ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানিয়া পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার শাহ আলমের মেয়ে।
পুলিশ জানায়, নিহত তানিয়া আক্তার স্বামী সোহাগ ওরফে জুলহাসকে নিয়ে জালকুড়ি মাদবর বাড়ীতে ভাড়া বাসায় থাকতেন। প্রতিবেশী অন্য ভাড়াটিয়ারা তানিয়ার মৃত্যুর আগের রাত পর্যন্ত দেখতে পেলেও তানিয়ার মৃত্যুর পর আর স্বামীকে দেখতে পাননি। পুলিশ মরদেহ উদ্ধার করলেও স্বামী পলাতক রয়েছেন। ফলে মৃত্যুর ঘটনায় স্বামীকে সন্দেহ করা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের স্বামীর কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
ভোরের আকাশ/রই