বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার রানীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় চাকু, একটি বার্মিজ চাপাতি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাবতলী উপজেলার গোলাবাড়ী রানীরপাড়া এলাকার মো. মধু (১৯) ও মো. মিনারুল (২০)।
এসআরবি-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৬টা ১৫ মিনিটে সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল গাবতলী উপজেলার রানীরপাড়া এলাকায় ফজলু প্রামাণিকের বাড়ির সামনে তিনমাথা মোড় থেকে গোলাবাড়ী বাজারগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁদের মধ্যে মধু ও মিনারুলকে আটক করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পালানোর কারণ জানতে চাইলে তাঁদের কাছে অবৈধ দেশীয় অস্ত্র রয়েছে বলে জানান তাঁরা। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি দেশীয় চাকু, একটি বার্মিজ চাপাতি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জব্দ করা আলামতসহ গ্রেপ্তার দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
ভোরের আকাশ/এনএস