তালতলীতে দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি মূলক মহড়া অনুষ্ঠিত

উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে ঘূর্ণিঝড় মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি জোরদার এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বাস্তব ধারণা প্রদানের লক্ষ্যে বরগুনার তালতলীতে দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি মূলক মহড়া অনুষ্ঠিত
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার নলবুনিয়া গোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’-এর বাস্তবায়নে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এতে কারিগরি সহযোগিতা প্রদান করে অক্সফাম বাংলাদেশ (Oxfam in Bangladesh) এবং সার্বিক অর্থায়ন করে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)। কোরিয়ার অর্থায়নে পরিচালিত ‘Bangladesh Cyclone Preparedness and Inclusive Shelter Resilience Project (KOICA_HPP)’- প্রকল্পের এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহড়ার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাগোনারীর প্রকল্প সমন্বয়ক সুবীর কুমার কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অক্সফ্যাম বাংলাদেশের প্রতিনিধি মো: ইকবাল ফারুক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সিপিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় এলাকার হাজারো সাধারণ মানুষ।
মহড়ায় আকর্ষণীয় নাটিকা, বিভিন্ন প্রদর্শনী ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা পাওয়ার পর করণীয় পদক্ষেপ, দুর্যোগের পূর্বপ্রস্তুতি ও গবাদিপশুসহ নিরাপদ আশ্রয়কেন্দ্রে গমন, দুর্যোগকালীন সময়ে করণীয় এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ও উদ্ধার কার্যক্রম বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিসহ সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক আশ্রয়ব্যবস্থার ওপর মহড়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, বরগুনা বাংলাদেশের অন্যতম দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা। তাই যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে ব্যক্তি, পরিবার ও কমিউনিটি পর্যায়ে আগাম প্রস্তুতি, সঠিক সময়ে সতর্কবার্তা প্রচার এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
এ ধরনের মাঠ মহড়া সাধারণ মানুষের বাস্তব দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে সার্বিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলে।
ভোরের আকাশ/সু.পা