নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, আহতদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল ও প্রতিপক্ষ আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে চরকান্দিপাড়ায় দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলি ও পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের আটজন আহত হন। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
প্রাথমিকভাবে গুলিবিদ্ধদের মধ্যে ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখের নাম জানা গেছে। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
পুলিশের একটি সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে চার-পাঁচজন আহত হওয়ার কথা তারা শুনেছেন। তবে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করতে পারবেন। সংঘর্ষে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, পূর্বের একটি হত্যাকাণ্ডের জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে আহতরা গুলিতে আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা