গাজীপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে জামায়াত নেতাদের মণ্ডপ পরিদর্শন

দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের বিভিন্ন পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের নেতৃবৃন্দ। রোববার বিকেলে মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক জামাল উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্থানীয় পূজা মণ্ডপসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল প্রথমে মাধববাড়ি শ্রীশ্রী গৌরাঙ্গ মন্দিরে যান। সেখানে মন্দির কমিটির সভাপতি প্রবীর চন্দ্র সরকার এবং সাধারণ সম্পাদক সুরঞ্জিত কুমার মল্লিকের সঙ্গে মতবিনিময় করেন তারা। এরপর পর্যায়ক্রমে মধ্য ছায়াবিথী পূজা মণ্ডপ, কৃপাময়ী কালীবাড়ি পূজা মণ্ডপ, শিববাড়ি পূজা মণ্ডপ এবং কালা শিকদারের ঘাটসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
প্রতিটি মণ্ডপে গিয়ে নেতৃবৃন্দ পূজার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জামায়াতের মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দীন বলেন,
“ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবকল্যাণের ধর্ম। ভিন্ন ধর্মাবলম্বীরাও আমাদের সমাজের অংশ। তাদের ধর্মীয় অনুষ্ঠান যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেটি নিশ্চিত করা আমাদেরও দায়িত্ব। গাজীপুর মহানগর জামায়াত সবসময় সম্প্রীতি বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতামূলক ভূমিকা রাখবে।”
নায়েবে আমির মুহাম্মদ হোসেন আলী বলেন,
“বাংলাদেশ একটি বহু ধর্মের মানুষের আবাসভূমি। ইসলাম আমাদের শিখিয়েছে সহাবস্থান ও পারস্পরিক সম্মান বজায় রাখতে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সরকারি সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক আবু সিনা নুরুল ইসলাম মামুন, মেট্রো সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মো. ছাদেকুজ্জামান খান, মহানগর সাধারণ সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মু. ফারদিন হাসান হাসিব, ২৮ নম্বর ওয়ার্ডের আমির মো. মনির হোসেন খন্দকার, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডের সেক্রেটারিজ মো. ফয়সাল ইসলাম ও মো. শাহনুর হোসাইনসহ স্থানীয় জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।
ভোরের আকাশ//হ.র