কুতুবদিয়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ

কক্সবাজারের কুতুবদিয়া সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। নতুন শিক্ষার্থীদের পদচারণায় এদিন কলেজ ক্যাম্পাস হয়ে ওঠে প্রাণবন্ত ও মুখরিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া (বিসিএস শিক্ষা)। বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া, শ্রেণি কার্যক্রমে উপস্থিতি, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনে নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক জীবন গঠনেরও আহ্বান জানান অধ্যক্ষ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাং নাজের হোছাইন। তিনি নবীন শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রসায়ন বিষয়ের প্রভাষক মোতাহেরা বেগম, পদার্থবিদ্যা বিষয়ের প্রভাষক সমীর কান্তি দাশ, উদ্ভিদবিদ্যা বিষয়ের প্রভাষক মো. মিজানুর রহমান, পদার্থবিদ্যা বিষয়ের প্রদর্শক মোহাম্মদ শওকতুল ইসলাম এবং ইংরেজি বিষয়ের প্রভাষক হামিদ হোছাইন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিষয়ের প্রভাষক এইচ. এম. ইশতেহাদুল হক। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজন আরও আনন্দঘন হয়ে ওঠে।
অনুষ্ঠানে কলেজের সকল সম্মানিত শিক্ষক উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের উৎসাহ ও শুভকামনা জানান। পরে প্রত্যেক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিক নবীনবরণ নয়, বরং উচ্চশিক্ষার পথে তাদের নতুন অধ্যায় ও স্বপ্নযাত্রার সূচনা হিসেবে দেখা হচ্ছে। নতুন শিক্ষার্থীদের পদচারণায় পুরো কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
শিক্ষাজীবনে সফলতার পাশাপাশি সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে—নবীনদের প্রতি এমন প্রত্যাশাই ব্যক্ত করেন শিক্ষকরা।
ভোরের আকাশ/সু.পা