নড়াগাতীর কলাবাড়িয়ায় সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আহত ১১

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চরকান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল ও মো. আবেদ সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে চরকান্দিপাড়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলি ও হামলার ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হন বলে জানা গেছে। তাঁদের মধ্যে পাঁচজনের শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রাথমিকভাবে গুলিবিদ্ধ হিসেবে ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখের নাম জানা গেছে।
আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, পূর্বের হত্যাকাণ্ডের জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনি চারজনের আহত হওয়ার কথা শুনেছেন। তবে তাঁরা গুলিতে আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করতে পারবেন।
ওসি আরও বলেন, সংঘর্ষে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ