দিনাজপুরে সড়ক প্রাণ গেল গৃহবধূর

দিনাজপুরের ফুলবাড়ীতে গরুবাহী নছিমন ও যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোর ধাক্কায় নাজমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরের উত্তর সুজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা বেগম বিরামপুর উপজেলার কুরশাখালী গ্রামের নজরুল সরদারের মেয়ে। তাঁর স্বামী মো. ফয়সাল সরকার ফুলবাড়ী উপজেলার চককবীর এলাকার বাসিন্দা।
জানা যায়, নাজমা বেগম তাঁর মেয়েকে উত্তর সুজাপুর মারকাজুল মাদ্রাসায় রেখে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে উত্তর সুজাপুর এলাকার শিবনগর সড়কের মাথায় মসজিদসংলগ্ন আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় দিনাজপুর থেকে আসা গরুবাহী একটি নছিমন ও ফুলবাড়ী থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোর ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এতে তাঁর মাথা ও বুকে মারাত্মক জখম হয়।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নছিমনচালক নায়েব আলী ও অটোর চালক বাবুর বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন নিহতের স্বামী মো. ফয়সাল সরকার।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করে দুর্ঘটনাপ্রবণ ওই সড়কে দুটি স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম বিল্লাহ ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তাঁরা এক সপ্তাহের মধ্যে সড়কে স্পিড ব্রেকার নির্মাণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী বিক্ষোভ প্রত্যাহার করেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক নছিমনটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/ এনউব