মান্দায় জামায়াতের নির্বাচনী জনসভা
নির্বাচিত হলে দলকানা হয়ে এমপিগিরি করবো না- খ. ম আব্দুর রাকিব

নওগাঁর মান্দায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিব বলেন, “নির্বাচিত হলে দলকানা হয়ে এমপিগিরি করবো না। শিক্ষা প্রতিষ্ঠানে কমিটির দখলদারিত্ব চলবে না। দুর্নীতি ও দুশাসন জাতীয় সমস্যা এমপি হলে এসব দূর করতে কাজ করবো।”
রোববার বিকেলে মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রসঙ্গে আব্দুর রাকিব বলেন, “গত ১৬ বছর ধরে এই উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত। স্বাস্থ্যসেবাকে আধুনিক করা হবে, শয্যা সংখ্যা বাড়ানো হবে। মা ও শিশু চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “উপজেলায় কোনো ডাকবাংলো নেই। অতিথিরা এলে থাকার সমস্যায় পড়তে হয়। আধুনিক মানের ডাকবাংলো নির্মাণ করা হবে।”
এছাড়া প্রসাদপুরকে পৌরসভায় রূপান্তর, উপজেলার বিভিন্ন স্থানে নতুন ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।
কর্মসংস্থান বিষয়ে জামায়াত প্রার্থী বলেন, “বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনশক্তি তৈরি করা হবে। এলাকায় প্রচুর পাট চাষ হয় পাটজাত শিল্প গড়ে তোলা হলে বহু মানুষের কর্মসংস্থান হবে।”
ভোট প্রার্থনা করে তিনি বলেন, “বিগত দিনে জোটের সিদ্ধান্ত মেনে নিজেকে কুরবানি দিয়েছি। এবার জনগণের সেবা করার সুযোগ চাই। আমাকে নির্বাচিত করলে সংসদে মান্দার কথা তুলে ধরতে পারবো।”
তিনি আরও বলেন, “এলাকায় ঘুরে দুটি বড় সমস্যা দেখেছি রাস্তাঘাট এবং মসজিদ ও মন্দির। এগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।”
সাবেক এমপি মরহুম শামসুল আলমের স্মৃতির কথা উল্লেখ করে আব্দুর রাকিব বলেন, “তাকে স্মরণীয় করে রাখতে দেলুয়াবাড়িতে তার নামে একটি পাঠাগার স্থাপন করা হবে।”
মান্দা উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সুরা সদস্য মাওলানা মোস্তফা আলামিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, মুফতি মাওলানা মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, অ্যাডভোকেট ওয়ালিউল্লাহসহ আরও অনেকে।
জনসভায় উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে একটি গণমিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজারে গিয়ে শেষ হয়।
ভোরের আকাশ/তা.কা