চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও

চাঁদপুরের শাহরাস্তিতে বাহরাইন প্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে।
এ ঘটনায় প্রবাসী ইব্রাহিম খলিলের বাবা হারুনুর রশিদ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইন প্রবাসী চাচাতো ভাই ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে দেবর ও এনসিপি নেতা শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে লাপাত্তা হন। পালানোর সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকে উভয়ের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
পরদিন রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে রহমত উল্লাহর স্ত্রী, প্রবাসী ইব্রাহিমের দুই শিশু কন্যা—ফাতেহা জাহান (১০) ও ফারহান জাহান (৬) সহ পরিবারের অন্যান্য সদস্যরা থানায় হাজির হন।
মামলার বাদী ও মরিয়মের শ্বশুর হারুনুর রশিদ জানান, দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের জেরে এই ঘটনা ঘটেছে এবং পরিবারের ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বলেন, “তাদের সম্পর্কের বিষয়টি পরিবারে জানাজানি হলে শ্যালককে অবহিত করা হয়। এর মধ্যেই শনিবার রাতে তারা পালিয়ে যায়।”
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/ইউএম