রায়গঞ্জে দৃষ্টিহীন মা ও প্রতিবন্ধী মেয়ের পাশে ‘সুখ পাখি’

সিরাজগঞ্জের রায়গঞ্জে দৃষ্টিপ্রতিবন্ধী বিধবা আয়েশা খাতুনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘সুখ পাখি’। পরিবারটিকে স্বাবলম্বী করার লক্ষ্যে দেওয়া হয়েছে দুটি ছাগল, চারটি মুরগি ও দুই বস্তা চাল।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে আমেরিকাপ্রবাসী এক ব্যক্তির অর্থায়নে ‘আলোর জন্য জাকাত তহবিল’ প্রকল্পের আওতায় এসব সহায়তা দেওয়া হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ রজব সহায়তাসামগ্রী গণমাধ্যমকর্মী সাইদুল ইসলাম আবিরের কাছে পৌঁছে দেন। পরে তিনি তা আয়েশা খাতুনের পরিবারের হাতে তুলে দেন।
আয়েশা খাতুনের স্বামী মারা গেছেন দুই বছর আগে। দৃষ্টিপ্রতিবন্ধী এই মা দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। তাঁর ১৩ বছর বয়সী এক মেয়ে শারীরিক ও বাক্প্রতিবন্ধী। প্রতিবন্ধী ভাতার সামান্য অর্থ ও মানুষের সহযোগিতায় কোনোমতে চলে তাঁদের সংসার।
সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারটিতে। ছাগল ও মুরগি পালনের মাধ্যমে ভবিষ্যতে বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সুখ পাখির প্রতিষ্ঠাতা শেখ রজব বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের সংগঠনের মূল লক্ষ্য। সামর্থ্যবানরা এগিয়ে এলে অসহায় পরিবারগুলো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে।
আয়েশা খাতুন রায়গঞ্জ পৌরসভার বেতুয়া এলাকার বাসিন্দা।
ভোরের আকাশ/ এনউব