গাজীপুর মহানগর ও জেলা যুবদলের কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর মহানগর ও জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মহানগর যুবদলের সভাপতি হিসেবে সাজেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ ইমরান রেজা কে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, জেলা যুবদলের সভাপতি হয়েছেন ইয়াছির আকরাম পলাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু তাহের প্রধান।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটির অনুমোদন দেন।
মহানগর যুবদলের ১০ সদস্যের আংশিক কমিটি
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মাহমুদ হাসান রাজুকে। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমন।
এ ছাড়া ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহাবুবুল আলম মাসুম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল হোসেন মণ্ডল।
জেলা যুবদলের ৭ সদস্যের আংশিক কমিটি
জেলা যুবদলের ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন তপন খান এবং সহ-সভাপতি হয়েছেন নাজিম সরকার।
১ম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এস এম কামরুজ্জামান শামীমকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জুয়েল হোসাইন (মণ্ডল) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর শিকদার।
৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ
কেন্দ্রীয় যুবদলের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত আংশিক কমিটি দুটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পৃথক পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে গাজীপুর মহানগর ও জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। এখন নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয় টি গুরুত্ব পাচ্ছে।
ভোরের আকাশ/সু.পা