শিক্ষাই জাতির অগ্রগতির প্রধান ভিত্তি: আবু সুফিয়ান এমপি

শিক্ষাকে একটি জাতির উন্নয়ন, অগ্রগতি ও মর্যাদার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। একটি জাতিকে আত্মমর্যাদাশীল ও বিশ্বপরিসরে সক্ষম করে তুলতে শিক্ষার বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে চট্টগ্রাম যুব ও ছাত্র ফোরাম আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, শিক্ষাকে শুধু পাঠ্যবই ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিশুদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, দায়িত্ববোধ ও দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে হবে। দেশের প্রতিটি শিশুর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না’ এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে। মানসম্মত ও সবার জন্য সমান সুযোগভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থার বিভিন্ন স্তরে কার্যকর পরিকল্পনা, তদারকি এবং সময়োপযোগী উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান উন্নত করতে হবে। একটি দক্ষ, সুশিক্ষিত ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে এখন থেকেই শিক্ষার ভিত শক্ত করা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন এবং সদস্য মো. লিপু।
নিয়াজ মোহাম্মদ খান বলেন, শিক্ষাক্ষেত্রে সুযোগ সম্প্রসারণের পাশাপাশি মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি জানান, মেয়েদের স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ এবং ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাব্যতা নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করা প্রয়োজন। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তির বিষয়টিও বিবেচনায় রয়েছে।
শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি উল্লেখ করে নিয়াজ মোহাম্মদ খান বলেন, শিক্ষার মানোন্নয়নের সঙ্গে শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ব্যাগ, পোশাক ও জুতা দেওয়ার উদ্যোগের পাশাপাশি বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম নিয়েও কাজ চলছে। নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থাপনার দিকগুলোও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম যুব ও ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ইফাজ খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম যুব ও ছাত্র ফোরাম একটি অরাজনৈতিক মানবিক সংগঠন হিসেবে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ উন্নয়নে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের দক্ষতা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। তাদের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি করার পাশাপাশি মাদক ও সন্ত্রাস থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম, চট্টগ্রাম মহানগর তাঁতী দলের আহ্বায়ক সেলিম হাফেজ, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ বুলু, ডবলমুরিং থানা বিএনপির সংগঠক মো. সুফি ইব্রাহীম, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, এস এম নাসির, সিরাজুল মোস্তফা, আব্বাস উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, আমির উদ্দিন বাবুল, হাজী ইসমাইল, মো. জাহাঙ্গীর, মোহাম্মদ আজিম, মো. সিরাজ, মো. মুসলিম, আব্দুল নুরু, সালে আহম্মদ, মো. আকবর, মোহাম্মদ ইসলাম ও হায়দার আলী।
এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম আমিন, যুবদল নেতা মোহাম্মদ ফারুক ও মুরাদ উদ্দিন, ২৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জসিম, মোজাম্মেল মাসুদ, মোহাম্মদ আলমগীর, ওয়াসিম, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ জাহিদ, মাহবুব, সোহাগ হোসেন, মো. সোহেল, মাইনুদ্দিন চিশতিয়া, নুর নবী, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আজিজ, ফেরদৌস ও বাপ্পিসহ অনেকে।
আরও উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আরিফ, সদস্য সচিব ইরফান আলম অপু এবং চট্টগ্রাম যুব ও ছাত্র ফোরামের মো. শাহরিয়ার আলম তাওসিফ, রাহিবীন আলম রাতুল, মো. আব্দুল রাফি তাহাসিন, মো. নজীবুল বশর চৌধুরী নিরব, মো. ফয়সাল, মো. গালিবসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
ভোরের আকাশ/এসএইচ