নেসকো’র প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবীতে মানববন্ধন

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসির প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বগুড়া শহরের সাতমাথায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. সোহরাব হোসেন লাইজুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ।
এসময় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল হুদা, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রায়হান আলী দেওয়ান, জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ সুলতানসহ বিএনপি, শ্রমিক দল ও বিদ্যুৎ খাতের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য নেসকো গঠন করা হলেও, ২০১৬ সালে প্রধান কার্যালয় বগুড়ার পরিবর্তে রাজশাহীতে স্থাপন করা হয়। তাদের দাবি, ১৬ জেলার ভৌগোলিক অবস্থান বিবেচনায় বগুড়া কেন্দ্রীয় অবস্থানে থাকায় প্রধান কার্যালয় সেখানে হলে কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সময়, ভ্রমণ ব্যয় এবং প্রশাসনিক খরচ কমবে।
তারা আরও বলেন, বগুড়ার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) পুরোনো ক্যাম্পাসে প্রধান কার্যালয় স্থানান্তর করলে নতুন অবকাঠামো নির্মাণ বা অতিরিক্ত ভাড়ার প্রয়োজন হবে না। এতে সরকারি অর্থও সাশ্রয় হবে।
বক্তাদের দাবি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দপ্তর থেকে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের বিষয়ে একটি প্রস্তাব পাঠানো হয়। পরে বিদ্যুৎ বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করে। সংশ্লিষ্ট কমিটি বগুড়ার পুরোনো বিউবো ক্যাম্পাস পরিদর্শন করে স্থানান্তরের বিষয়ে ইতিবাচক মত দিয়েছে বলেও তারা উল্লেখ করেন।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, সিস্টেম লস কমানো, রাজস্ব আদায় বৃদ্ধি, কর্মঘণ্টা ও জ্বালানি সাশ্রয় এবং গ্রাহকসেবার মান উন্নয়নের স্বার্থে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তর করা প্রয়োজন। তিনি দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন থেকে নেসকোর প্রধান কার্যালয় দ্রুত বগুড়ায় স্থানান্তরের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
ভোরের আকাশ/জেআ