কিশোরগঞ্জে ভিসা প্রতারণা, চেক জালিয়াতির মামলায় গ্রেফতার ৫

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিসা প্রতারণা, চেক জালিয়াতি ও বিএনপির ইফতার মাহফিল ভাঙচুর মামলার আসামি হিসেবে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিভিন্ন মামলার আসামিদের পৃথক অভিযানে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় এমন অভিযান চলমান থাকবে।”
গ্রেফতারকৃতরা হলেন, ভিসা প্রতারণা মামলার আসামি পানিয়ালপুকুর সাতঘড়ি পাড়ার মো. মালেক ইসলামের ছেলে মো. বেনজির ইসলাম (২৬); চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত মাগুরা দাখিল মাদ্রাসার শিক্ষক, মাগুরা জেলার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে মো. এহছানুল হক (৫৫); দক্ষিণ রনচন্ডি ইউনিয়নের মাহফুজার রহমানের ছেলে মো. মামুনুর রশিদ (৪০); উত্তর ভড়ভিটা ইউনিয়নের মৃত কফিল উদ্দিনের ছেলে ও রনচন্ডি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. মহির উদ্দিন এবং নিতাই পানিয়ালপুকুর গ্রামের মৃত বদি মাস্টারের ছেলে মো. পেয়ারুল ইসলাম।
থানা সূত্রে জানা গেছে, চলতি মাসের ২ নভেম্বর কিশোরগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা (নম্বর-০৩/২৯৬, ধারা ১৮(১)/২১(২)/২২(১)/২৪(১)(ক)/২৭(১)) দায়ের করা হয়। ওই মামলায় মো. বেনজির ইসলামকে ২ নম্বর আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
অপরদিকে, চলতি বছরের ২০ মার্চ দায়ের হওয়া মামলা নং ২৮ (ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩২৭ দণ্ডবিধি) অনুযায়ী বিএনপির ইফতার মাহফিল ভাঙচুরের ঘটনায় সাবেক অধ্যক্ষ মো. মহির উদ্দিন ও মো. পেয়ারুল ইসলামকে আটক করে পুলিশ।
এছাড়া, চেক প্রতারণা মামলায় মো. মামুনুর রশিদ ও মো. এহছানুল হককে সোমবার রাতে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়।
ওসি আশরাফুল ইসলাম আরও বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় এসব অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
ভোরের আকাশ/মো.আ.