শিক্ষায় অগ্রাধিকার ও বিদ্যুৎ সংকট কাটানোর আশ্বাস প্রতিমন্ত্রী আব্দুল বারীর

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি বলেছেন, অতীতের ভুল নীতি ও লুটপাটের কারণে দেশে বিদ্যুৎ সংকট তৈরি হলেও তা নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। একই সাথে শিক্ষা ও কৃষিভিত্তিক শিল্পের উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সাবেক এমপি ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলে আমসহ অন্যান্য ফসল সংরক্ষণে কৃষিভিত্তিক প্রসেসিং জোন করার পরিকল্পনা সরকারের বিবেচনায় আছে। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি অতীত সরকারের সমালোচনা করে বলেন, অতীত সরকারের ভুল সিদ্ধান্ত ও অর্থ লুটপাটের কারণেই আজকে বিদ্যুতের এই অবস্থা।
পাশাপাশি বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার আশ্বাস দিয়ে তিনি যোগ করেন, আমাদের সোর্সগুলোকে ডাইভারসিফাইড করছি। প্রধানমন্ত্রী সর্বক্ষণই এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করছেন এবং আমরা এই জ্বালানি সংকট থেকে অতি দ্রুতই বেরিয়ে আসবো।
ভোরের আকাশ/আ.র