হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের কেডির মোড় দলীয় কার্যালয় হতে বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নওজোয়ান মাঠে গিয়ে সমাবেত হন।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- নওগাঁ-৫ আসনের বিএনপির মনোনিত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, খাইরুল ইসলাম গোল্ডেন, শফিউল আজম (ভিপি রানা), জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজাসহ বিভিন্ন নেতাকর্মীরা।
এদিকে, একই সময়ে একই দাবিতে নওগাঁ জেলা এনসিপির উদ্দ্যোগে এবি পার্টির সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান আতিকর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দীপু, যুগ্ম আহবায়ক দেওয়ান মাহবুব আল হাসান, যুব শক্তি নওগাঁ জেলা শাখার সদস্য সচিব হাসিবুল হৃদয়, মুখ্য সংগঠক শাকিব খান প্রমূখ।
সমাবেশে বক্তারা হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এ ধরনের ঘটনাকে দেশের জন্য অশনিসংকেত হিসেবে দেখছেন তাঁরা।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.