শ্রীপুরে মাদকসহ সাধু আটক

গাজীপুরের শ্রীপুরের মাদক কারবারি বিপ্লব সাধুকে (৫৫) আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৩টার দিকে কাওরাইদ বাজারের তার বাড়ি থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।
বিপ্লব সাধু উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের মৃত নারায়ণ পাগলার ছেলে। রাতেই যৌথ বাহিনী তাকে শ্রীপুর থানায় সোপর্দ করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথ বাহিনী বিপ্লব সাধুর বাড়িতে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার ঘরের সিলিংয়ের ওপর থেকে তিন বান্ডিলে পলিথিনে এবং স্কচটেপে মোড়ানো অবস্থায় সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করেন।
এসময় যৌথ বাহিনী তার ঘর তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করে। সাধুর বেশে বিপ্লব সাধু দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র-সংক্রান্ত মামলা রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.