পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ অভিযান

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা জোরদারে দিন-রাত টহলের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন এবং আধুনিক যান অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে।
নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকলেও গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে মাইকিং ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি দুর্গম এলাকাগুলোতে আকাশপথে পর্যবেক্ষণের জন্য বিশেষ ড্রোন ব্যবহার করা হচ্ছে। দ্রুত চলাচল ও দুর্গম এলাকায় অভিযান পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছে অল-টেরেইন ভেহিকল (এটিভি)।
এ ছাড়া সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে। এসব প্রচারণার মাধ্যমে সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তির চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানসংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।
এ বিষয়ে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশেষ নজরদারি, টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ এনউব