হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৭২ জন। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৬ জনের। শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জন, সিলেটে ৩ জন এবং খুলনায় ১ জন মারা গেছেন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২০২ জন রোগী ভর্তি হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৭০ জন, রাজশাহীতে ৪৫, সিলেটে ১৭০, চট্টগ্রামে ১৯৬ জন, বরিশালে ১৪৪, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭২ এবং রংপুরে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
এছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৫৫৪ জন।
ভোরের আকাশ/সু.পা