নবীনগরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত ভিমরুল পোকার কামড়ে তামিম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে।
বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিমরুল পোকার কামড়ে তামিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক।
বুধবার সকালে ভিমরুল পোকার কামড়ে আহত হয় শিশু তামিম। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হয়; অবস্থার অবনতি ঘটলে দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সাদ্দাম হোসেন জানান, ভিমরুল কামড়ানোর পর যদি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হতো, তাহলে চিকিৎসার মাধ্যমে বাঁচানোর সুযোগ ছিল। স্থানীয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে সময় নষ্ট হওয়ায় শিশুটি মারা গেছে।
ভিমরুলসহ বিষাক্ত পোকার কামড়ে কেউ আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দেন চিকিৎসকরা।
ভোরের আকাশ/জাআ