পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পিরোজপুরে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি। সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এসব কার্যক্রম পরিচালনা করা হয়।
সকাল ১১টায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন ও পূবালী ব্যাংক পিএলসির আঞ্চলিক কার্যালয়, বরিশালের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাস (কদমতলা) এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার ও পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ।
বিকেল ৪টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আরেকটি পর্ব অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ এবং পিরোজপুর শাখার ব্যবস্থাপক মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন বিকেল ৩টায় পিরোজপুর জেলা সদরের সিও অফিস মোড়ে পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং বুথ বা ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে জেলার গ্রাহক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য দ্রুত, নিরাপদ ও সহজতর ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, বরিশালের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ।
ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন অনুষ্ঠানে পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি ও পরিচালকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতারা পিরোজপুরে আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানান।
তারা আশা প্রকাশ করেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা জেলার অর্থনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সুবিধা সহজে পৌঁছে দেবে।
দিনব্যাপী এসব কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে সহযোগিতা করে পূবালী ব্যাংক পিএলসির পিরোজপুর শাখা। শাখা ব্যবস্থাপক মৃণাল কান্তি দাস বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে অবদান রাখার পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং বুথ চালুর মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
ভোরের আকাশ/সু.পা