পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর রেলপথের রহমতনগর এলাকায় বধ্যভূমি গণকবর সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রুনা লায়লা নীলফামারীর সৈয়দপুরের আল-ফারুক একাডেমির বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের ছোট ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। গত ৩১ অক্টোবর প্রকাশিত পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় পারিবারিক অশান্তি চলছিল বলে জানা গেছে।
ঘটনার দিন বুধবার সকালেও রুনা লায়লা তাঁর কর্মস্থল সৈয়দপুরের আল-ফারুক একাডেমিতে গিয়ে নিয়মিত ক্লাস নেন। পরে তিনি পার্বতীপুরের উদ্দেশে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পার্বতীপুর শহরের গুলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে তাঁকে বসে থাকতে দেখা যায়। তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন যুবক তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে তাঁকে রহমতনগর রেল কলোনির পানির ট্যাংকের নিচে অবস্থান করতে দেখা যায়।
একপর্যায়ে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনা-চিলাহাটীগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলস্টেশনে প্রবেশের সময় রহমতনগর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ এনউব