শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অভিমত

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রত্যাবাসনের বিকল্প নেই

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রত্যাবাসনের বিকল্প নেই
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রত্যাবাসনের বিকল্প নেই

রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সংকট, জীবনমান, স্বাস্থ্যসেবা, জীবিকার সুযোগ এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিয়ে গবেষণাভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে। 

গত ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীরা রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত মাঠপর্যায়ের গবেষণার অভিজ্ঞতা ও প্রাপ্ত ফলাফল তুলে ধরেন।

‘লাইভলিহুডস, হেলথ, অ্যান্ড ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যামং রোহিঙ্গা ডিসপ্লেসড পিপল: ইনসাইটস ফ্রম আন্ডারগ্র্যাজুয়েট ফিল্ডওয়ার্ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি বাস্তবভিত্তিক গবেষণা ও জ্ঞানচর্চায় সম্পৃক্ত করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র তৈরি করে এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখে। তিনি প্রধান আলোচক ড. নাসির উদ্দিনের গবেষণাকর্ম ও দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রশংসা করে শিক্ষার্থীদের তাঁর বক্তব্য থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণের আহ্বান জানান।

সেমিনারে মূল প্রবন্ধ ও গবেষণাভিত্তিক আলোচনা উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন ল্যাবের (আরএমএল) পরিচালক ড. নাসির উদ্দিন। শিক্ষার্থীদের চারটি গবেষণা দলের উপস্থাপনা পর্যালোচনা করে তিনি বলেন, গবেষণার ক্ষেত্রে নিরপেক্ষতা, মানবিক মূল্যবোধ এবং তথ্যের যথার্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো জনগোষ্ঠী সম্পর্কে আগে থেকে তৈরি ধারণা বা পক্ষপাত নিয়ে গবেষণায় এগোনো উচিত নয়। বরং নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত, পরিসংখ্যান ও বিশ্লেষণের ভিত্তিতে গবেষণার সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

গবেষণার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রযুক্তিকে গবেষকের নিজস্ব চিন্তা ও বিশ্লেষণী ক্ষমতার বিকল্প হিসেবে দেখা যাবে না। বরং গবেষণার দক্ষতা ও কাজের মান বাড়াতে সহায়ক উপকরণ হিসেবে এআই ব্যবহার করা যেতে পারে।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে ড. নাসির উদ্দিন বলেন, মিয়ানমারের রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত না হলে প্রত্যাবাসনের উদ্যোগ কার্যকর ও টেকসই হওয়া কঠিন। একই সঙ্গে রোহিঙ্গাদের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর ওপর সৃষ্ট প্রভাবও গবেষণা ও নীতিনির্ধারণে বিবেচনায় রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান (ইন-চার্জ) ড. অর্পিতা দত্ত। তিনি বলেন, মাঠপর্যায়ে গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। তবে এবার সেই অভিজ্ঞতাকে সেমিনারের মাধ্যমে সবার সামনে উপস্থাপনের সুযোগ তৈরি হওয়ায় উদ্যোগটি আরও তাৎপর্যপূর্ণ হয়েছে। সাধারণত শিক্ষার্থীরা মাঠপর্যায়ের কাজ শেষ করে ফিরে আসে; কিন্তু গবেষণালব্ধ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ প্রকাশ্যে তুলে ধরার এমন আয়োজন তাদের একাডেমিক বিকাশে নতুন মাত্রা যোগ করবে।

তিনি আরও বলেন, একজন দক্ষ গবেষকের কাজ শুধু সমস্যা চিহ্নিত করা নয়, বরং বাস্তবসম্মত সমাধানের পথও দেখানো। অর্জিত জ্ঞান যখন সমাজ ও মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, তখনই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সফল হয়। ফিল্ডওয়ার্কের শুরু থেকে শিক্ষার্থীদের আগ্রহ, দায়িত্বশীলতা ও প্রতিকূল পরিবেশেও কাজ করার মানসিকতার প্রশংসা করেন তিনি। এ আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশপ্তক, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী, অর্থনীতি বিভাগ এবং সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের চেয়ারম্যান উম্মে সালমা রোহিঙ্গা সংকটের সামাজিক, মানবিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শুধু খাদ্য ও জরুরি সহায়তার ওপর নির্ভরশীলতা দিয়ে এ জনগোষ্ঠীর সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে আত্মনির্ভরশীলতা তৈরির উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানের কারণে স্থানীয় পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও বাংলাদেশের ওপর যে বাড়তি চাপ তৈরি হচ্ছে, তা বিবেচনায় রেখে টেকসই পরিকল্পনা গ্রহণের ওপরও তিনি গুরুত্ব দেন।

সংশপ্তক-এর প্রোগ্রাম ও ফিল্ড অপারেশন বিভাগের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের গবেষণা উপস্থাপনার প্রশংসা করেন। তিনি বলেন, প্রধান আলোচক তাঁর গবেষণালব্ধ অভিজ্ঞতা দিয়ে শিক্ষার্থীদের কাজের বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন এবং গবেষণার পদ্ধতি, তথ্যের নির্ভরযোগ্যতা ও মান উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। স্বল্প সময়ের মধ্যে চারটি দলের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনার সক্ষমতা প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটায় এবং ভবিষ্যতে গবেষণার প্রতি আগ্রহ বাড়ায়।

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের চারটি দলের গবেষণা উপস্থাপনা। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাত্রা, জীবিকার ধরন, স্বাস্থ্য পরিস্থিতি এবং অর্থনৈতিক সক্ষমতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। গবেষণায় উঠে আসা পর্যবেক্ষণে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব পায়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শিক্ষার্থীরা।

পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণার তথ্য, পদ্ধতি, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন। প্রধান আলোচক ড. নাসির উদ্দিন তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং গবেষণার বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা তুলে ধরেন।

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের শিক্ষক বিদ্যুৎ কান্তি নাথ, ফারিয়া হোসাইন বর্ষা, সুদীপ দে ও ইফতেখার মিয়াসহ সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কাজী মোহাম্মদ আলদিন ফারদিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে দুই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি ইকোনমিস্টস ফোরামের (পিইউইএফ) সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনার রোহিঙ্গা জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, জনস্বাস্থ্য, জীবিকা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে শিক্ষার্থীদের গবেষণার ফলাফল বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: