বাকিতে পণ্য না দেওয়ায় দোকানিকে কুপিয়ে জখম

ফরিদপুরের সালথায় বাকিতে পণ্য না দেওয়াকে কেন্দ্র করে মো. আনিচুর মোল্যা (৩০) নামে এক মুদি দোকানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আনিচুর মোল্যা ওই গ্রামের মো. আবদুর জলিল মোল্যার ছেলে। বাড়ির সামনেই তাঁর একটি মুদি দোকান রয়েছে। আহত ব্যক্তির পরিবারের অভিযোগ, ঘটনার দিন সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি আনিচুরের দোকানে গিয়ে বাকিতে পণ্য চান। তবে তিনি বাকিতে পণ্য দিতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে কয়েকজন মিলে তাঁর ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে আহত করা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় আহত আনিচুরের ভাই মো. হাফিজুর মোল্যা বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে সালথা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা