বার্থীকে অসাম্প্রদায়িক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার তারিকুল ইসলাম কাফির

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম কাফির সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সমাদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সভার আয়োজন করা হয়।
বাবু জগদীশ চন্দ্র বাড়ৈয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম কাফি বার্থী ইউনিয়নকে একটি অসাম্প্রদায়িক, উন্নয়নমুখী এবং শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তরুণ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি একটি সম্পূর্ণ মাদকমুক্ত সমাজ গঠনে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মনোজ কুমার গোমস্তা, কাজী আসাদুজ্জামান, বাবু গণেশ চন্দ্র বাড়ৈ, শাহানাজ বেগম, জালাল সরদার, ধলু খান, অঞ্জু বৈদ্য, আব্দুল খালেক খান, শাজাহান হাওলাদার এবং সুভাষ বৈদ্য।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষা, দীক্ষা, জ্ঞান-গুণ এবং মানবিক গুণাবলির বিচারে তারিকুল ইসলাম কাফি একজন যোগ্য ও আদর্শ প্রার্থী। আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে দলমত-নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ভোরের আকাশ/ এনউব