ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, পুরস্কার বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, বৃত্তির অর্থ ও পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) উপজেলার অনন্তপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৩০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদ, বৃত্তির অর্থ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও মানোন্নয়ন বিষয়ে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অনন্তপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক জাহিদুল ইসলাম জব্বারের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেঘবাড়ি হাউজিংয়ের চেয়ারম্যান মো. এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী বেসরকারি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আনিস উর রহমান, ফুলবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল, নাগেশ্বরীর আশার আলো পাঠশালার শিক্ষক কুমার বিশ্বজিৎ, আব্দুল মতিন ও মো. আফছার আলী। এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের শিক্ষা ও নৈতিক বিকাশে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠানের উন্নয়নে অনুদান হিসেবে দেওয়া একটি আলমারির চাবি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন রংপুর মেঘবাড়ি হাউজিংয়ের চেয়ারম্যান মো. এমদাদুল হক। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/রই