চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) জেলার চৌধুরীঘাট, মদিনা শপিং কমপ্লেক্স ও জি এম সেনগুপ্ত রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
অভিযানকালে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা এবং লাইসেন্স ছাড়া ফুড সাপ্লিমেন্ট ও বিভিন্ন ধরনের ক্যালসিয়াম বিক্রির অপরাধে রেড রোজ কসমেটিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করে পাকানোর অপরাধে মেসার্স ভাই ভাই স্টোরকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে আলম খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে স্বেচ্ছায় পরিশোধ করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিক ও সংশ্লিষ্টরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ এনউব