চুল কাটতে বেরিয়ে ৭ মাস নিখোঁজ, এক পা হারিয়ে ফিরল রায়হা

চুল কাটার জন্য বাবার দেওয়া ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের রায়হান। এরপর কেটে গেছে সাত মাস। পরিবার ধরে নিয়েছিল, হয়তো আর কোনোদিন ছেলেকে ফিরে পাবে না। তবে চুনতির সীরাত মাহফিলে ভিক্ষা করার সময় স্থানীয় এক ব্যক্তি হঠাৎ তাকে চিনতে পারেন। খবর পেয়ে সেখানে ছুটে যান বাবা নাজিম উদ্দিন। ছেলেকে ফিরে পেলেও আনন্দের বদলে তাঁর চোখে নেমে আসে বিষাদের ছায়া—রায়হানের ডান পা নেই।
রায়হান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় নয়া পাড়া এলাকার দিনমজুর নাজিম উদ্দিনের ছেলে। পরিবারের ভাষ্য, সাত মাস আগে চুল কাটার জন্য ১০০ টাকা দিয়ে রায়হানকে বাড়ি থেকে পাঠানো হয়। পরে একটি মিছিলের গাড়িতে করে সে চুনতি বাজারে যায়। সেখান থেকে কক্সবাজারে চলে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রায়হানের দাবি, কক্সবাজার থেকে একটি চক্র তাকে ঢাকায় নিয়ে যায়। ঢাকার একটি রেলওয়ে স্টেশন এলাকায় ওই চক্র তার ডান পা কেটে দেয় বলে সে জানিয়েছে। এরপর তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়। তার মতো আরও কয়েকজন শিশুকে পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা হতো বলেও দাবি করেছে রায়হান।
রায়হান জানায়, ভিক্ষা করে প্রতিদিন ৫০০ টাকা করে চক্রের সদস্যদের দিতে হতো। পরে গাড়িভাড়া দিয়ে তাকে চুনতি এলাকায় পাঠিয়ে দেওয়া হয়।
গতকাল চুনতি সীরাত মাহফিলের সমাপনী দিনে সীরাত ময়দানে ভিক্ষা করার সময় স্থানীয় এক ব্যক্তি রায়হানকে শনাক্ত করেন। পরে খবর পেয়ে বাবা সেখানে গিয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসেন।
নাজিম উদ্দিন বলেন, ‘সাত মাস আগে ছেলেকে চুল কাটার জন্য ১০০ টাকা দিয়ে পাঠিয়েছিলাম। এরপর তার কোনো খোঁজ পাইনি। গতকাল সীরাত মাহফিলে তাকে ভিক্ষা করতে দেখে একজন পরিচিত ব্যক্তি আমাকে খবর দেন। সেখানে গিয়ে দেখি, আমার ছেলের ডান পা নেই। পরে তার কাছ থেকে ঢাকায় ঘটে যাওয়া বিষয়গুলো জানতে পারি।’
রায়হানের মা নেই। সে সৎমায়ের সঙ্গে চুনতি ইউনিয়নের সাতের আগা এলাকার পাহাড়ি অঞ্চলে বসবাস করে।
সাত মাস নিখোঁজ থাকার পর এক পা হারানো অবস্থায় রায়হানের ফিরে আসার ঘটনায় শিশুদের পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের গুরুতর অভিযোগ সামনে এসেছে। রায়হানের বক্তব্যের সত্যতা যাচাই করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা।
ভোরের আকাশ/জেআ