কুড়িগ্রামে রেস্টুরেন্টকে জরিমানা

কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে অবস্থিত ‘জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর খাবার খেয়ে ছয়জন অসুস্থ হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার ঘটনার পরদিন হোটেলটিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে হোটেলের রান্নাঘরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, রান্নাঘর সংলগ্ন ওয়াশরুম ব্যবহার, লেবেলবিহীন দই, পোড়া তেল এবং অনুমোদনহীন উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) কুড়িগ্রাম সদর উপজেলার শাপলা চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, কুড়িগ্রাম ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাইফুদ্দিন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, হোটেলটির রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের সঙ্গে সংলগ্ন ওয়াশরুম ব্যবহার করতেও দেখা যায়। এছাড়া ফ্রিজে লেবেলবিহীন দই, পোড়া তেল সংরক্ষণ ও ব্যবহার এবং খাবার তৈরিতে অনুমোদনহীন উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মোড়কবিহীন দই বিক্রয়ের বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অনিয়মের কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫৩ ধারায় জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
এর আগে শুক্রবার (৭ আগস্ট) ওই হোটেলের খাবার খেয়ে ছয়জন গুরুতর অসুস্থ হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরদিনই হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, কুড়িগ্রাম সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
অভিযান শেষে হোটেল কর্তৃপক্ষকে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত ও পরিবেশনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/রই