খাগড়াছড়িতে ৩ ইটভাটাকে জরিমানা

খাগড়াছড়িতে আইন লঙ্ঘন করে ইটভাটা পরিচালনার দায়ে তিনটি ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে জেলা সদরের বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় দুটি ইটভাটার চুল্লিতে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং সংশোধিত ২০১৯ সালের আইন লঙ্ঘনের দায়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কমলছড়ির ABC ব্রিকসকে ২ লাখ টাকা, আরপিএস ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং A77 ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তিনটি ইটভাটাকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সোমবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মাহাবুব রনি, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আহমেদ, ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
খাগড়াছড়ি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আহমেদ বলেন, “মহামান্য হাইকোর্টের রিটের নির্দেশনা বাস্তবায়নে আমরা এ অভিযান পরিচালনা করছি।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং সংশোধিত ২০১৯ সালের আইন অনুযায়ী যেসব ইটভাটা আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।”
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান সারা দেশে চলমান রয়েছে। পার্বত্য জেলাগুলোও এর আওতাভুক্ত।
খাগড়াছড়ির কোনো উপজেলায় অবৈধ ইটভাটা চালু থাকলে সেগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা বলেন, “আজ সদর উপজেলার সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব ইটভাটায় ইট প্রস্তুতের আলামত পাওয়া গেছে, সেসব ভাটার মালিকপক্ষকে অর্থদণ্ডের আওতায় আনা হয়েছে।
গঞ্জপাড়ায় একটি ও কমলছড়িতে দুটি ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে। অভিযানে মোট সাড়ে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেকের ক্ষেত্রে কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে।”
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইনবহির্ভূত ইটভাটার কার্যক্রম বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
ভোরের আকাশ/রই