স্টাফদের তালাবদ্ধ রাখার অভিযোগ
গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাত পর্যন্ত কারখানার ভেতরে অবস্থান করছে শ্রমিকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সোয়া ১১ টা পর্যন্ত শ্রমিকরা কারখানার ভেতরে এবং মুল ফটকের সামনে অবস্থান করছে।
সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে কোনাবাড়ী (আমবাগ) এলাকার এ জে গ্রুপের হানিওয়েল গার্মেন্টস লিমিটেড পোশাক শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকজন স্টাফকে কারখানার ভেতরে আটকে রেখে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, অক্টোবর মাসের বেতন পরিশোধ না করায় শ্রমিকরা বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে কর্মবিরতি পালন করছে।
চলতি মাসের ১০ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ ওইদিন বেতন না দিয়ে বৃহস্পতিবার দেওয়ার কথা বলে। কিন্ত বেতন পরিশোধ না করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেয়। এসময় কারখানর ভেতরে কয়েকজন স্টাফকে রেখে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারী শ্রমিকরা। শ্রমিকদের দাবি রাতের মধ্যই অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে।
কাটিং সেকশনের শ্রমিক মাসুম বাবু বলেন, বেতন না দিয়ে বৃহস্পতিবার মৌখিকভাবে তিনদিন কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ খবর জানাজানি হলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে পড়ে।
হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার হোসেন বলেন, আজকে বেতন দেওয়ার কথা থাকলেও যেকোন কারণ বসত দেওয়া সম্ভব হয়নি। শ্রমিকদেরকে বুঝিয়ে বলা হয়েছে আগামী রবিবার (১৬ নভেম্বর) অক্টোবর মাসের বকেয়া বেতন দেওয়া হবে। কিন্তু শ্রমিকরা তা মানছেনা। তিনি বলেন,আজকে রাতের মধ্য কোন অবস্থাতেই বেতন পরিশোধ করা সম্ভব নয়।
গাজীপুর শিল্প পুলিশ- ২ এর পরিদর্শক (কোনাবাড়ী জোন) মোর্শেদ জামান বলেন, মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে বিষয়টি সমাধানের জন্য। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোরের আকাশ/তা.কা