বাসাইলে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের জরিমানা

টাঙ্গাইলের বাসাইল পৌর শহরে জনদুর্ভোগ লাঘবে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে পৌর শহরের থানা গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরে শপিং মলের সামনে ও সড়কের ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় সড়কের ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যক্তিকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন বলেন, বাসাইল পৌর শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে শহরের ফুটপাত দখলমুক্ত রাখা ও যান চলাচল স্বাভাবিক করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ ও বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরসহ পুলিশের একটি দল এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
ভোরের আকাশ/আ.র