বাসাইলে ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচির প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাসাইল বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ কর্তৃক যে অবৈধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বজায় রেখে মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে—আমাদের অফিস-আদালতসহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় যাতে স্বাধীনভাবে সকল কর্মকাণ্ড পরিচালনা করতে পারে—তার জন্য আমাদের অবস্থানটা হলো শান্তিপূর্ণ। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল সমাপ্ত করেছি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাআলম ভূইয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাহিদ খান, সদস্য সচিব আজিজুল ইসলাম বিজয় প্রমুখ।
এছাড়াও মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/রই