রুমে আটকে পড়া শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

টাঙ্গাইলের বাসাইলে একতলা ভবনের রুমে আটকে পড়া আড়াই বছরের শিশু মিরাজকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।শনিবার (৭ নভেম্বর) উপজেলার হাবলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাহালী এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশু মিরাজ ওই এলাকার আব্দুল লতিফের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শিশু মিরাজ রুমের ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা লক করে ফেলে। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা করেও দরজা খুলতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন। শিশুটি প্রায় দেড় ঘণ্টা ঘরের ভেতর আটকে থেকে কান্নাকাটি করতে থাকে।
পরে খবর পেয়ে বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নুরুল ওয়াদুদের নেতৃত্বে একটি উদ্ধাকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সফলভাবে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ উদ্ধার অভিযানকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন উপস্থিত ছিলেন।
বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নুরুল ওয়াদুদ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। শিশুটি ভেতর থেকে লক করে ফেলায় পরিবারটি বেশ চিন্তিত ছিল। পরে আমরা পেশাদারি দক্ষতার সঙ্গে দরজা খুলে শিশুটিকে অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
ভোরের আকাশ/সু.পা