চাঁদপুরে জটিল রোগে আক্রান্ত ৪৫ রোগীকে ৪৫ লাখ টাকার সহায়তা

চাঁদপুরে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসায় ৪৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৪৫ জন রোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে এই সহায়তার চেক বিতরণ করা হয়।
রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ‘আপনারা এই টাকা চিকিৎসার কাজে ব্যয় করবেন। দয়া করে এই টাকা অন্য কোনো কাজে খরচ করবেন না। এই অর্থ দিয়ে নিজেদের চিকিৎসা করাবেন। প্রয়োজনে আমরা আবারও আপনাদের জন্য আর্থিক সহায়তার আবেদন করব। তবে সে জন্য এক বছর অপেক্ষা করতে হবে।’
তিনি বলেন, অসুস্থতা মানুষের জীবনের একটি কঠিন বাস্তবতা। বিশেষ করে ক্যানসার, কিডনি ও হৃদরোগের মতো জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা চালিয়ে যাওয়া অনেক পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। অসহায় ও অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার এ ধরনের আর্থিক সহায়তা প্রদান করছে। সহায়তার অর্থ যেন প্রকৃত চিকিৎসার কাজে ব্যয় হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এমপি মানিক আরও বলেন, অসহায় রোগীদের চিকিৎসায় সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু ও ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
ভোরের আকাশ/রই