অ্যাম্বুলেন্স ভাড়ায় লাগাম টানতে কঠোর মেয়র

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী ও মরদেহ পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ভাড়ায় প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (৮ জুন) চমেক হাসপাতালে আয়োজিত অ্যাম্বুলেন্স ভাড়া পুনর্নির্ধারণ ও যৌক্তিককরণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাসপাতাল এলাকায় নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানানো হবে। কোনো চালক নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দায় সংশ্লিষ্ট মালিক সমিতিকে বহন করতে হবে।
মেয়র জানান, রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে হাসপাতালের জরুরি বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, এক বছর আগে ভাড়ার একটি তালিকা করা হলেও পরে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, অ্যাম্বুলেন্সের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৪৪ টাকা। অন্যদিকে লোহাগাড়া রুটে বড় নন-এসি অ্যাম্বুলেন্সের সর্বোচ্চ ভাড়া ৫ হাজার ৪০০ টাকা এবং এসি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ৫ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত ভাড়ার বেশি আদায়ের অভিযোগ পাওয়া গেলে মালিক সমিতির বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে। হাসপাতাল চত্বর ও সামনের সড়কে অ্যাম্বুলেন্স পার্কিং এবং ভ্রাম্যমাণ দোকান বসানোও নিরুৎসাহিত করা হবে। পাশাপাশি অ্যাম্বুলেন্সের নামে অবৈধভাবে মাইক্রোবাস পরিচালনা ঠেকাতে বিআরটিএকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরীতে চলমান কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরেন মেয়র। তার ভাষ্য অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। উন্নতমানের লার্ভিসাইড ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধিকে তিনি এ সাফল্যের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।
এ সময় হাসপাতাল এলাকার সৌন্দর্যবর্ধন, সবুজায়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পরিকল্পনার কথাও জানান মেয়র। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশন ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ২০ জন পরিচ্ছন্নতা কর্মী তিন শিফটে দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অ্যাম্বুলেন্স মালিক সমিতি, পুলিশ ও বিআরটিএ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ চৌধুরী অভিযোগ করেন, সমিতির বাইরে থাকা কিছু অ্যাম্বুলেন্স বিভিন্ন সময় ভাড়া নিয়ে চলে যায়, যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, বাইরে থেকে আসা কিছু অ্যাম্বুলেন্স রোগী পৌঁছে দেওয়ার পর ফেরার পথেও অতিরিক্ত ভাড়া সংগ্রহ করে থাকে। এ ধরনের অনুশীলন পরিহার করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
ভোরের আকাশ/ র.ই