দেবিদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

কুমিল্লার দেবিদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ মো. জহিরুল হক ভূঁইয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ফুলতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার জহিরুল হক ভূঁইয়া দেবিদ্বার উপজেলার ফুলতলী গ্রামের মৃত আবদুল আলিম ভূঁইয়ার ছেলে। তাঁর হেফাজত থেকে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জহিরুল দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
এসআরবি-১১ জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/সু.পা