দিগপাইতে ড্রেনেজ সংকট
অল্প বৃষ্টিতেই মহাসড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তি

জামালপুর সদর উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা দিগপাইত উপ-শহরে দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা।
এতে মহাসড়কের ওপর বৃষ্টির পানি ও পয়ঃনিষ্কাশনের বর্জ্য জমে গিয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, উপ-শহরের মহাসড়কের পশ্চিম পাশে ফেন্সি মার্কেট থেকে সিএনজি স্টেশন পর্যন্ত প্রায় ১০০ মিটার এলাকায় পানি জমে থাকে।
কোনো কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় এটি এখন নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিগপাইত একটি জনবহুল কেন্দ্র, যেখানে প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াত হয়।
এখানে বাস টার্মিনাল ও সিএনজি স্টেশন থাকায় যানবাহনের চাপও থাকে অনেক বেশি। কিন্তু জলাবদ্ধতার কারণে যানবাহন সড়কের পাশে থামতে না পেরে মাঝপথেই দাঁড়াতে বাধ্য হচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
এছাড়া অভিযোগ রয়েছে, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অনেক হোটেল ও বাসা-বাড়ির বর্জ্য সরাসরি সড়কে ফেলা হচ্ছে।
এতে জমে থাকা পানিতে সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ, যা পথচারী ও ব্যবসায়ীদের জন্য অসহনীয় হয়ে উঠেছে। জনস্বাস্থ্যের জন্যও এটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করছে।
স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দোকানের সামনে সবসময় নোংরা পানি জমে থাকে। দুর্গন্ধে ক্রেতারা আসতে চান না, ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় দোকানে বসে থাকাও কষ্টকর হয়ে পড়ে।”
তারা আরও জানান, দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা না হলে দিগপাইতের বাণিজ্যিক গুরুত্ব কমে যেতে পারে এবং জনদুর্ভোগ আরও বাড়বে।
এ অবস্থায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা জরুরি ভিত্তিতে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
ভোরের আকাশ/ র.ই