সারিয়াকান্দিতে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১০ হাজার মিটার জাল

বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণে দিনব্যাপী অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ১০ কেজি ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর ইলিশ দেওয়া হয় দুটি এতিমখানায়।
রোববার উপজেলার কাজলা ও চালুয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত এ কার্যক্রমে থানা পুলিশের সহযোগিতায় নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন।
অভিযান চলাকালে বিভিন্ন পয়েন্ট থেকে কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়। পরে কালিতলা ঘাটে জব্দ করা ১০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দ করা প্রায় ১০ কেজি ইলিশ দুটি এতিমখানায় প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।
মা ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা নিয়ন্ত্রণ ও ইলিশের বংশবৃদ্ধির সুযোগ নিশ্চিত করতে সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম জানান, মা ইলিশ সংরক্ষণে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ এই সময় পর্যন্ত সকল জেলেদের ইলিশ আহরণ না করার আহ্বান জানান তিনি।
ভোরের আকাশ/ এনউব