বগুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান

বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, বগুড়ার যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সাংস্কৃতিক ফোরামের সমন্বয়কারী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ও জেলা জাসাসের আহ্বায়ক ওহিদুর মুরাদ এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিবসের তাৎপর্য ও চেতনাকে ধারণ করে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়ার শিল্পীরা সমবেত সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করেন। পরিবেশিত সংগীতের মধ্যে ছিল ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘সুন্দর, সুবর্ণ, তারুণ্য, লাবণ্য’, ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো’, ‘সোনা সোনা সোনা, লোকে বলে সোনা’, ‘সেই রেল লাইনের ধারে’ এবং ‘আমার গানের স্বরই আমার বাংলাদেশটা’। এ ছাড়া ‘ও আমার দেশের মাটি’ ও ‘মুক্তির মন্দির সোপান তলে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন হাসিবুর রহমান হাসু, বিমল কবিরাজ, নিখিল চন্দ্র দাস, আরমানুর রশিদ ও আসিফ মাকসুদ সম্পদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন তাহবিতা এহসান।
ভোরের আকাশ/রই