সীমান্তের বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির প্রশিক্ষণ

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন বেকার যুবক অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় সীমান্তবর্তী মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এই কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবকরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। এতে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে পারবেন।
বিজিবি অধিনায়ক আরও বলেন, ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে ৫৩ বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শাহীন, চরবাগডাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, চরবাগডাংগা বিওপি কমান্ডার ও বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
ভোরের আকাশ/সু.পা