সিরাজগঞ্জে পুষ্টি ও জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে কর্মশালা

সিরাজগঞ্জে পুষ্টি নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অন্তর্ভুক্তিমূলক খাদ্য ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে ‘Nutrition Smart Community (NSC)’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্পের হেড অব প্রজেক্ট ফয়সাল আহমেদ। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কাঠামো ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রজেক্ট ম্যানেজার মো. ইব্রাহিম কাদির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাস্টার ফ্যাসিলিটেটর মুক্তা পারভীন।
আয়োজকরা জানান, জার্মান সরকারের ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (BMZ) সহায়তায় ওয়েল্টহাঙ্গারহিলফি (WHH) বাংলাদেশ, ভারত ও নেপালে ‘Strengthening Adaptive and Inclusive Food Systems for Improved Nutrition and Climate Resilience in South Asia’ শীর্ষক একটি আঞ্চলিক প্রকল্প বাস্তবায়ন করছে।
বাংলাদেশে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB) ও ওয়েভ ফাউন্ডেশনের অংশীদারত্বে নেত্রকোনার মোহনগঞ্জ, সিরাজগঞ্জ সদর ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রকল্পের আওতায় পুষ্টি-বান্ধব ও জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, সরকারি সংস্থার সম্পৃক্ততা বাড়ানো ও তথ্য-উপাত্তভিত্তিক পরিকল্পনা গ্রহণে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে খাদ্য ব্যবস্থার সহনশীলতা বাড়াতে কমিউনিটি পর্যায়ে অংশগ্রহণ ও স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হবে।
কর্মশালায় প্রকল্পের কার্যক্রম, বাস্তবায়ন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উন্নত পুষ্টি নিশ্চিতকরণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/সু.পা